কিছুতেই এরাজ্যকে আসামের মতো হতে দেওয়া যাবে না: সেলিম
যাঁরা বামপন্থীদের ভোট দেননি, যাঁরা তৃণমূল অথবা বিজেপি-কে সমর্থন করেছেন তাঁদেরকেও এককাট্টা করতে হবে শান্তি-সম্প্রীতি এবং দাঙ্গা-হাঙ্গামাকে রোধ করার জন্য। আমরা কিছুতেই এই রাজ্যকে আসামের মতো অবস্থায় নিয়ে যেতে দেব না। শুক্রবার বহরমপুরে সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মুর্শিদাবাদে সিপিআই(এম)'র সাংগঠনিক সভায় যোগ দিতে যান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লাও।
সেলিম বলেন, বড় বিপদের সামনে আমরা আছি। ভাগাভাগির রাজনীতি করে ভোটের বৈতরণী পার করা হচ্ছে। কিন্তু বিভেদের স্ফুলিঙ্গ ভোটের পর দাবানলে পরিণত হতে পারে।
সেলিম বলেন, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুরে আমরা দেখেছি এই রাজনীতির পরিণাম। দেশেও আমরা দেখছি। আসামে, মণিপুরে একই ঘটনা ঘটছে। ডবল ইঞ্জিন সরকার হলেই যে শান্তি শৃঙ্খলা থাকবে এমন কোনও কথা নেই।
সেলিম বলেন, বামপন্থীরা সর্বশক্তি দিয়ে সাম্প্রদায়িকতা মুক্ত আবহাওয়া গড়ে তোলার পক্ষে চেষ্টা চালাবে। বিভাজনকে রুখে দেওয়ার প্রয়াস চালাবে।

কোন মন্তব্য নেই: