দুই নাবালিকার উপর অত্যাচার, ২০ বছরের কারাদণ্ড
কোচবিহার জেলা পুলিশের মাথাভাঙা থানা এলাকার ঘটনা, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর। খালিমন নামদাস নামে বছর পঁয়ষট্টির এক ব্যক্তির দোকানে কিছু জিনিস কিনতে আসে ১১-১২ বছরের দুটি মেয়ে। নামদাস তাদের জানায়, মাথাটা ধরেছে খুব, একটু টিপে দিলে 'পুরস্কার' স্বরূপ তাদের চিপস খাওয়াবে সে, পয়সা লাগবে না।
লোভনীয় প্রস্তাব, সুতরাং দোকানের ভিতরে ঢুকে পড়ে দুই নাবালিকা। এবং দুজনের উপরেই যৌন নির্যাতন চালায় নামদাস। তারপর যন্ত্রণায়, আতঙ্কে কাঁদতে থাকা দুটি মেয়েকে দোকানের বাইরে বের করে দিয়ে দোকান বন্ধ করে এলাকা ছেড়ে বেরিয়ে যায় সে।
পকসো আইনের অধীনে রুজু হয় মামলা। তদন্ত করেন সাব-ইনসপেক্টর মিমি সিংহ (বর্তমানে নিউ জলপাইগুড়ি থানায় কর্মরতা)। যথাসময়ে জমা করেন নিখুঁত চার্জশিট, যার ফলে বিচার চলাকালীন জামিন পেতে ব্যর্থ হয় অভিযুক্ত।
মামলার রায়ে নামদাসের ২০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত, সঙ্গে আর্থিক জরিমানা, যে টাকা ওই মেয়ে দুটির পরিবারকে দেওয়া হবে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের খরচ বাবদ।

কোন মন্তব্য নেই: