ছাত্রীর উপর যৌন নির্যাতন, ২৫ বছরের কারাবাস
কোচবিহার জেলার শীতলকুচি থানা এলাকা, ২০২১-এর ২১ ডিসেম্বর। কলেজ যাওয়ার পথে জামির হোসেন নামে সিনিয়রের সঙ্গে দেখা ১৯ বছরের এক ছাত্রীর। জামিরের সঙ্গে তার বন্ধু ফিরোজ হোসেন। দুজনেই দাঁড়িয়ে জামিরের মারুতি ওমনি ভ্যানের পাশে। চেনা মুখ, সুতরাং জামির তার গাড়িতে ছাত্রীকে কলেজে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলে আপত্তি না করে গাড়িতে উঠে পড়ে সে, গাড়ির চালক হয় ফিরোজ।
মাত্র আড়াই কিলোমিটার দূরে কলেজ, কিন্তু সেই সময়ের মধ্যেই ছাত্রীটিকে জোর করে গাড়ির ভিতর আটকে রাখে জামির, এবং দ্রুত শীতলকুচি থানারই অন্তর্ভুক্ত বামুনডগা গ্রামে জামিরের পিসির বাড়ি অভিমুখে ছোটে গাড়ি। ইটভাটায় কাজে গেছেন বাড়ির সকলে, অতএব বাড়ি ফাঁকা। সেখানে তাদের অপেক্ষায় ছিল তাদেরই কলেজের আরেক ছাত্র রাসেল মিয়া, যে ওই ছাত্রীর জুনিয়র।
জামির এরপর মেয়েটির কাছে দাবী জানায় শারীরিক সম্পর্ক স্থাপনের। কিন্তু সে কিছুতেই তাতে স্বীকৃত না হওয়ায় তাকে ধর্ষণ করে জামির, যার ভিডিও করে তার দুই সঙ্গী। এখানেই শেষ নয়। এরপর মেয়েটির উপর যৌন নির্যাতন চালায় বাকি দুজনও, যার ফলে অচৈতন্য হয়ে পড়ে সে। জ্ঞান ফেরার পরে তাকে ফের গাড়িতে তুলে রাস্তায় নামিয়ে দেয় তিনজন, এবং শাসিয়ে যায়, মুখ খুললে গোটা এলাকায় ছড়িয়ে দেওয়া হবে তার ভিডিও। শুধু তাই নয়, প্রাণেও মেরে ফেলা হবে তাকে ।



কোন মন্তব্য নেই: