রসাখোয়া টাইমস নিউজ
রাজ্যে আরও চার মেডিক্যাল কলেজ, পাচ্ছে কোন কোন জেলা? নবান্নে জানিয়ে দিলেন শুভেন্দু
রাজ্য আরও চারটি মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরির তোড়জোড় শুরু করল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরকে নিয়ে বৈঠকের পর এ দিন নবান্নে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে যে চার জেলায় এখনও মেডিক্যাল কলেজ হাসপাতাল নেই, সেই চার জেলায় হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার।
এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এতদিন মেডিক্যাল কলেজ হাসপাতাল ছিল না। ওই চার জেলাতেই মেডিক্যাল কলেজ মানের হাসপাতাল তৈরির জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান রাজ্য সরকারের সময়ে আমরা শুরু করতে চলেছি এবং এর সুফল আপনারা কিছুদিনের মধ্যে পেতে শুরু করবেন। আমরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আজ অনুরোধ করেছি, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প প্রত্যেক জেলায় মেডিক্যাল কলেজ থাকবে। পশ্চিমবঙ্গের চারটি জেলায় মেডিক্যাল কলেজ নেই। এই চারটি জেলায় মেডিক্যাল কলেজ তৈরির জন্য প্রয়োজনীয় জমি সহ যাবতীয় পরিকল্পনা আমরা প্রস্তাব আকারে ভারত সরকারকে পাঠাবো।'
রাজ্যের দ্বিতীয় এইমস হাসপাতাল নিয়েও এ দিন পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, 'উত্তরবঙ্গে এইমস-এর জন্য ওখানকার সাংসদ বিধায়কদর সঙ্গে কথা বলে আমরা ভারত সরকারের কাছে প্রস্তাব পাঠাবো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করার জন্য অর্থ কোনও বাধা হবে না।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ দিনই জাতীয় স্বাস্থ্য মিশনে রাজ্যের জন্য ২১০৩ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তার মধ্যে প্রথম দফার ৫০০ কোটি টাকা রাজ্যকে পাঠিয়েও দিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পেও নিজেদের ভাগের ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।


কোন মন্তব্য নেই: