বিজেপি বিরোধী জোটের ডাক মমতার
বাম-অতিবামদের একসঙ্গে লড়াইয়ের আহ্বান, পাল্টা কটাক্ষ শুভেন্দু ও শতরূপের
নিজস্ব সংবাদদাতা:
বিজেপিকে রুখতে ফের বৃহত্তর বিরোধী জোটের ডাক দিলেন Mamata Banerjee। শুধু বামপন্থী নয়, অতিবাম সংগঠনগুলিকেও একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানালেন তিনি। শনিবার কালীঘাটে নিজের দফতরে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিরোধী যৌথ মঞ্চ গঠনের প্রস্তাব দেন তৃণমূল নেত্রী। তবে তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
“বিজেপিকে রুখতে সবাইকে এক হতে হবে”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
“আমরা চাই একটা যৌথ মঞ্চ তৈরি হোক, যাতে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দল একসঙ্গে আসে। বামপন্থী, অতিবাম— কাউকে নিয়ে আমার কোনও ইগো নেই। আজ যা পরিস্থিতি, বিজেপিকে রুখতে হলে সবাইকে জোট বাঁধতে হবে।”
তিনি আরও বলেন,
“যার যতটুকু শক্তি আছে, জাতীয় স্তরের পাশাপাশি রাজ্যেও একসঙ্গে লড়াই হোক। কেউ আলোচনা করতে চাইলে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত অফিসে থাকব, কথা বলব।”
বিজেপির বিরুদ্ধে অভিযোগ
বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি,
“বাইরের গুন্ডা এনে বাংলার মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। আমার বাড়ির সামনেও বিশৃঙ্খলা হয়েছে। অভিষেকের বাড়ির সামনেও ধাক্কাধাক্কি করা হয়েছে।”
তিনি আরও বলেন,
“রাজনৈতিকভাবে বিজেপিই এখন দেশের সবচেয়ে বড় শত্রু। যারা বাংলার ভাল চায় না, দেশের ভাল চায় না।”
ছাত্র সংগঠনগুলিকেও আহ্বান
বাম ছাত্র সংগঠন ও সাধারণ মানুষকেও একত্রিত হওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
“সব ছাত্র সংগঠন, এনজিও, সাধারণ মানুষ— সবাইকে একসঙ্গে আসতে হবে। বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শুভেন্দুর কটাক্ষ
মমতার এই জোট বার্তা নিয়ে কটাক্ষ করেছেন সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,
“উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক। এ নিয়ে কোনও মন্তব্য করব না।”
সিপিএম নেতা শতরূপের আক্রমণ
তৃণমূল নেত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সিপিএম নেতা Shatarup Ghosh। তিনি বলেন,
“আমরা যখন ক্ষমতা ছেড়েছিলাম, তখন বাংলায় বিজেপি কার্যত ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিজেপিকে শক্তিশালী করে দিয়ে যাচ্ছেন। তারপরও তিনি বামেদের একসঙ্গে লড়াইয়ের ডাক দিচ্ছেন!”
তিনি আরও কটাক্ষ করে বলেন,
“সত্যিকারের ধর্মনিরপেক্ষ মানুষ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে নিয়ে সেই লড়াই সম্ভব নয়।”
রাজনৈতিক মহলে জোর চর্চা
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জোট বার্তা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি বিরোধী বৃহত্তর ঐক্যের ডাক আদৌ বাস্তব রূপ পাবে কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে, তৃণমূল-বাম সম্পর্কের নতুন সমীকরণ নিয়েও বাড়ছে জল্পনা।

কোন মন্তব্য নেই: