বিহারের দ্বারভাঙ্গায় মর্মান্তিক হত্যাকাণ্ড — স্ত্রী ও তিন সন্তানকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, শোকে স্তব্ধ রসাখোয়া
রসাখোয়া টাইমস নিউজ
বিহারের দ্বারভাঙ্গায় মর্মান্তিক হত্যাকাণ্ড — স্ত্রী ও তিন সন্তানকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, শোকে স্তব্ধ রসাখোয়া
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার রসাখোয়া মহোশপুর দাসপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিহারের দ্বারভাঙ্গা জেলায় ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুই রাজ্যজুড়ে। স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে পরিবারের কর্তা সঞ্জীত দাস ওরফে বিলাতু দাসের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার রসাখোয়া মহোশপুর দাসপাড়ার বাসিন্দা সঞ্জীত দাস পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পর বিহারের দ্বারভাঙ্গা জেলার পাতর থানা এলাকার চন্দন পার্টি এলাকায় একটি পোল্ট্রি ফার্মে সপরিবারে কাজ করতে যান। সেখানে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল বলে জানা গিয়েছে।
অভিযোগ, মঙ্গলবার ভোর প্রায় তিনটে নাগাদ সেই অশান্তি ভয়ঙ্কর রূপ নেয়। লোহার রড দিয়ে স্ত্রী ও তিন সন্তানকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মৃতদের নাম ফুলকুমারী দাস, সাত বছরের সন্ধ্যা দাস, পাঁচ বছরের রিদয় দাস এবং চার বছরের রোহন দাস।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে বিহারের পাতর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত সঞ্জীত দাসকে পুলিশ হেফাজতে নেয়।
আজ নিহতদের চারটি মৃতদেহ রসাখোয়া মহেশপুর দাসপাড়া গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও এলাকাবাসী। গোটা গ্রামে নেমে আসে শোকের আবহ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এমন নৃশংস ও মর্মান্তিক ঘটনা তারা আগে কখনও দেখেননি।
জানা গেছে, নিহত ফুলকুমারী দাসের বাবার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার নিজামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগডোগ গ্রামে। সেখানেও শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তি এবং ফাঁসির দাবি জানানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে পারিবারিক অশান্তি ও মানসিক অবসাদের ভয়াবহ পরিণতি নিয়ে। একটি ছোট পারিবারিক বিবাদ কীভাবে একটি গোটা পরিবারকে শেষ করে দিতে পারে, তারই নির্মম উদাহরণ হয়ে রইল এই ঘটনা।
বর্তমানে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে বিহার পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।
রসাখোয়া টাইমস নিউজ পরিবারের পক্ষ থেকে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোকজ্ঞাপন করা হচ্ছে।



কোন মন্তব্য নেই: