রসাখোয়া টাইমস নিউজ
রক্তাক্ত নানুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
নিজস্ব প্রতিনিধি , বীরভূম,
ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর। বুধবার দুপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং টিম পৌঁছায় নানুরের সন্তোষপুর গ্রামে। প্রতিনিধি দলের সদস্যরা নিহত তৃণমূল নেতা আবির শেখের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং ঘটনার বিভিন্ন দিক নিয়ে খোঁজখবর নেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা, সামিরুল ইসলাম, অসিত মাল সহ একাধিক নেতা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিন অর্থাৎ ৫ মে বিকেলে সন্তোষপুর এলাকায় নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল নেতা আবির শেখকে। অভিযোগ, প্রকাশ্য রাস্তায় তাঁর গলা কেটে হত্যা করা হয়। একই ঘটনায় গুরুতর আহত হন চাঁদু শেখ নামে আরও এক তৃণমূল কর্মী। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে।
এদিন প্রতিনিধি দলের সদস্যরা নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি করা হয়, পরিকল্পিতভাবেই এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করা হয়েছে। প্রতিনিধি দলের সদস্য প্রতিমা মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট পরবর্তী হিংসার জন্য বিজেপিকে দায়ী করেন। তাঁর অভিযোগ, বিরোধীরা এলাকায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে।
অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে জেলাজুড়ে। তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। সব মিলিয়ে আবির শেখ খুনের ঘটনাকে কেন্দ্র করে নানুরের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে।

কোন মন্তব্য নেই: