সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া
বাংলায় সবই সম্ভব, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া, আবার নিজেরই দলের গোষ্ঠীকোন্দলের চাপে পড়ে সেই কাটমানি ফেরত দেওয়া, এরকমই ছবি ধরা পরল ইসলামপুর ব্লকের চোপড়া বিধানসভার অন্তর্গত কমলাগাও সুজালি গ্রাম পঞ্চায়েতে।
মঙ্গলবার সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া উপভোক্তাদের থেকে নেওয়া কাটমানি পঞ্চায়েতে বসেই ফেরত দিলেন। যদিও এই কাটমানি প্রধান নুরি বেগমের স্বামী তথা তৎকালীন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের বিরূদ্ধে নেওয়ার অভিযোগ ছিল।
এমনই ঘটনায় এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। প্রচুর মানুষ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাদের দেওয়া কাটমানি প্রধানের হাত থেকে ফেরত নিলেন।
ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সুজালি গ্রাম পঞ্চায়েত জুড়ে ছড়িয়ে পড়ে। টাকা ফেরত দেওয়া হয়ে গেলে পঞ্চায়েত থেকে বেরোনোর সময় প্রধান নুরি বেগমকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের চোর চোর স্লোগান শুনতেও পাওয়া গেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে যায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে ঘটনাকে ঘিরে রাজ্যে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে আরো একবার কাটমানি নেওয়ার অভিযোগ প্রমাণিত হলো বলেই মত রাজনৈতিক মহলের।


কোন মন্তব্য নেই: