হুমায়ুন জিতে নিলেন নওদা, রেজিনগর দুই আসনই! বাবরি বিতর্ক, তৃণমূল থেকে বহিষ্কার, নতুন দল, এ বার কোন পথে?
হুমায়ুন জিতে নিলেন নওদা, রেজিনগর দুই আসনই! বাবরি বিতর্ক, তৃণমূল থেকে বহিষ্কার, নতুন দল, এ বার কোন পথে?
সংখ্যালঘু ভোটাররাই যে হুমায়ুন কবীরের লক্ষ্য, সে কথাও প্রকাশ্যে স্বীকার করেছেন নিজেই। তিনি 'ধর্মের রাজনীতি করছেন' অভিযোগ করলে জবাব দিয়েছেন, ''কেউ যদি হিন্দু-হিন্দু করে আমি তো মুসলমান-মুসলমান করবই।''
দুইয়ে দুই করলেন হুমায়ুন কবীর!
কংগ্রেস, তৃণমূল, বিজেপি ঘুরে ফেলেছেন। এ বার আর দলবদল নয়, নিজে দল তৈরি করে তৃণমূল এবং বিজেপি, রাজ্যের যুযুধান দুই শিবিরকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন মুর্শিদাবাদের হুমায়ুন কবীর। ভোটের মাস দুয়েক আগে গড়া আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম কেন্দ্রেও। দলের চেয়ারম্যান হুমায়ুন নিজে লড়েছিলেন মুর্শিদাবাদের দুই কেন্দ্রে— নওদা এবং রেজিনগর। ভবানীপুর, নন্দীগ্রামে হুমায়ুনের প্রার্থীরা দাঁত ফোটাতে না পারলেও 'ক্যাপ্টেন' নিজে জিতলেন দুই কেন্দ্রেই। নওদায় তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সাহিনা মুমতাজ এবং রেজিনগরে আতাউর রহমানকে যথাক্রমে ২৭৯৪৩ এবং ৫৮৮৭৬ ভোটে পরাজিত করলেন তিনি।
বেলা গড়াতেই হুমায়ুনের অনুগামীরা আবির নিয়ে বার হলেন রাস্তায়। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ের মধ্যে অমলিন কবীরের সাফল্য। উচ্ছ্বসিত অনুগামীরা স্লোগান তুললেন, 'মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবীর জিন্দাবাদ'।
হুমায়ুন মানেই চমক। হুমায়ুন মানেই বিতর্ক। বিগত কয়েক মাসে রাজ্য রাজনীতির আলোচিত চরিত্র ২০১১ সালে ছিলেন কংগ্রেসের বিধায়ক। ২০১৬ সালে তিনি নির্দল বিধায়ক। ২০২১ সালে তৃণমূলের এবং ২০২৬ সালে আম জনতা উন্নয়ন পার্টির একমাত্র জয়ী প্রার্থী। ২০২৫ সালের ডিসেম্বরে ভরতপুরের তৎকালীন বিধায়ক হুমায়ুনকে বহিষ্কার করেছিল তৃণমূল। দলের অবস্থানের বিপরীতে গিয়ে বাবরি মসজিদ গড়বেন বলে 'গোঁ' ধরেছিলেন। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পরেও বেলডাঙা এলাকায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেলেন তিনি। সেখান থেকেই জানিয়েছিলেন, এ বার তৃণমূলকে 'শিক্ষা দিতে' তাঁর নিজের দল ভোটে লড়বে। এমনকি, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী স্থির করবেন তিনি-ই।
নিজেকে 'একগুঁয়ে' বলে থাকেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, ''আমি যেমন, আমি তেমন। নইলে সাইকেল দোকানি থেকে লরি ব্যবসায়ী কিংবা অধীর চৌধুরীর অনুগামী থেকে মন্ত্রী হওয়া হত না।'' দল গড়েই রাজ্যের ২৯৪টি আসনে লড়াইয়ের কথা ঘোষণা করেছিলেন। তবে শেষমেশ দেড়শোর মতো আসনে প্রার্থী দিয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েক জন প্রার্থী আবার ভোটের আগেই তৃণমূল যোগ দেন। দলত্যাগী কেউ কেউ জানিয়েছেন, আর ভোটেও লড়বেন না। রাজনীতিও করবেন না। বিস্ময়কর ভাবে হুমায়ুন নিজেও ভোটের আগে বলতে পারেননি, ঠিক কত জন প্রার্থী তাঁর 'বাঁশি' ('হুইস্ল') চিহ্ন নিয়ে লড়াই করছেন! কমিশনের দেওয়া ভোটের ফলাফল বলছে ১৪৩টি আসনে লড়াই করেছিল আম জনতা উন্নয়ন পার্টি। তার মধ্যে জয়ী প্রার্থী একজনই— হুমায়ুন।
উল্লেখ্য, বেলডাঙায় মসজিদ গড়ার কাজ শুরু করলেও হুমায়ুন নিজে ভোটে লড়েছিলেন নওদা এবং রেজিনগর থেকে। বিধানসভা ভোটের আগে নওদায় বার বার গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছিল। রাজনৈতিক ভাবে সেই সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে এগিয়েছেন তিনি। আবার সংখ্যালঘু ভোটাররাই যে তাঁর লক্ষ্য, সে কথাও প্রকাশ্যে স্বীকার করেছেন হুমায়ুন। তিনি 'ধর্মের রাজনীতি করছেন' অভিযোগ করলে জবাব দিয়েছেন, ''কেউ যদি হিন্দু-হিন্দু করে আমি তো মুসলমান-মুসলমান করবই।''

কোন মন্তব্য নেই: