ফল ঘোষণা হতেই মাথায় আকাশ ভাঙল, কমিশনের বিরুদ্ধেই সরব অভিষেক
১৫ বছর পর বাংলায় ক্ষমতার পালাবদল যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই গণনাকেন্দ্রের নিয়মবিধি নিয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন কড়াকড়িতে রণক্ষেত্র হয়ে উঠল রাজ্য রাজনীতি। সোমবার দুপুরে দক্ষিণ কলকাতার হেস্টিংস গণনাকেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলে তীব্র আপত্তি জানায় কমিশন।
যেহেতু তিনি এই নির্বাচনের প্রার্থী নন, তাই নিয়ম অনুযায়ী তাঁকে অবিলম্বে কেন্দ্র ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিশনের কড়া বার্তার পর অভিষেক কেন্দ্র থেকে বেরিয়ে যান এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন যে, পরিকল্পিতভাবে গণনার গতি কমিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, মানুষের রায় মাথা পেতে নিলেও যেখানে তৃণমূল প্রার্থীরা জিতছেন, সেখানে পুনর্গণনা বা ‘রিকাউন্টিং’-এর নামে তাঁদের হেনস্থা করা হচ্ছে। দলের এজেন্টদের শেষ মুহূর্ত পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দেন তিনি।
অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রের গণনাস্থল সাখাওয়াত মেমোরিয়াল স্কুলেও তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। সেখানে উপস্থিত দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উভয়েই মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশ করেন। বিষয়টি নজরে আসতেই কমিশনের আধিকারিকরা দ্রুত দিল্লির সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, নিয়ম সবার জন্য সমান। হয় মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে ফোন বাইরে রাখতে হবে, নচেৎ কমিশন তা বাজেয়াপ্ত করবে। এই চরম হুঁশিয়ারির পর দুই হেভিওয়েট নেতাই ফোন সরিয়ে নিতে বাধ্য হন। রাজ্যে বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে থাকায় যখন গেরুয়া শিবিরে উৎসবের মেজাজ, তখন গণনাকেন্দ্রের ভেতরে কমিশনের এই প্রশাসনিক কড়াকড়ি এবং তৃণমূলের ‘হেনস্থা’র অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে।
কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পরিকল্পিতভাবে গণনার গতি কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, "মানুষের রায় নিশ্চিতভাবে মাথা পেতে নেব। কিন্তু ২০২১ সালে যেখানে এই সময়ে ৯০ শতাংশ গণনা শেষ হয়ে গিয়েছিল, এবার সেখানে অনেক বাকি। যেখানে তৃণমূল প্রার্থীরা জিতছেন, সেখানে পুনর্গণনা বা রিকাউন্টিং করে হেনস্থা করা হচ্ছে। আমি দলের প্রতিটি এজেন্টকে অনুরোধ করব, ফল যাই হোক—আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত বুথ ছাড়বেন না।"

কোন মন্তব্য নেই: